March 3, 2026, 8:04 pm
রংপুর অফিস
রংপুর র্যাবের অভিযানে সেনা ও র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌণে ২টায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, সিএনজিতে যাতায়াতের সময় ভুক্তভোগী চালককে আল-আমিন জানায় সে সেনাবাহিনীর সদস্য ও গাইবান্ধা র্যাব ক্যাম্পে কর্মরত রয়েছে। তিনি বিশ^াস করে তার বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য ভূয়া র্যাব সদস্য আল আমিনকে অনুরোধ করে। পরবর্তীতে মোবাইল ফোনে আল আমিন ভুক্তভোগী সিএনজি চালককে গাইবান্ধা বাসস্ট্যান্ডে আসতে বলে এবং তার কাছ থেকে ১৪ হাজার টাকা নেয়। এরপর থেকে আল আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভুক্তভোগী সিএনজি চালক গাইবান্ধা র্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন আল আমিন নামে কোন র্যাব সদস্য সেখানে কর্মরত নেই। এরপর তিনি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি প্রতারণা মামলা করলে র্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে র্যাব শুক্রবার দিবাগত রাতে নারিকেলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা সেনাবাহিনীর জুতা, ব্যাগ, হ্যান্ডকাফ, সেনাবাহিনীর আইডি কার্ড, অফিসিয়াল সিল, সেনাবাহিনীর মোবাইল পাস, নেমপ্লেট, সেনাবাহিনী লেখা স্টিকার, বিভিন্ন চাকুরী সংক্রান্ত ভূয়া নথিপত্র ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আল আমিন নিজেকে সেনাবাহিনী ও র্যাবের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে। সে তার মোবাইলে ব্যবহৃত সিমকার্ডের নম্বরকে কর্ণেল, লেঃ কর্ণেল, ব্রিগেডিয়ার জেনারেলসহ সেনাবাহিনীর উচ্চ পদের নাম দিয়ে সংরক্ষণ করে এবং সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জমাদি দেখিয়ে মানুষের বিশ^াস অর্জন করতো। এরপর সমস্যা সমাধানের কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আদায় নিয়ে ভূক্তভোগীদের সাথে যোগাযোগ বন্ধ করে দিত।