June 14, 2026, 11:38 pm
মুতাসিম তানিম, (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলামের পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন (ভারপ্রাপ্ত)। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাব ইনস্পেক্টর অলকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ, সাংবাদিক ইউনিয়ন (NUJ) নাগেশ্বরীর সভাপতি রিমন রেজা, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ তানিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম হক, উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম, উপজেলা সিনিয়র মৎস অফিসারসহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক ভয়াল ও বেদনাবিধুর অধ্যায়। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা বাঙালি জাতিকে গভীরভাবে নাড়া দেয়। শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় উল্লেখ করে বক্তারা বলেন, এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
তারা আরও বলেন, গণহত্যার স্মৃতি ধরে রাখা শুধু অতীতকে স্মরণ করা নয় এটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শক্তিশালী সমাজ গঠনের অঙ্গীকারও বটে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।