June 14, 2026, 11:39 pm
মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায়। গত সোমবার রাতে দুধকুমার নদীর দুর্গম চরাঞ্চলের একটি ভুট্টা ক্ষেতে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে (২৮) ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কচাকাটা থানার কাইম টেপার কুটি এলাকার জনৈক তরুণীর সঙ্গে ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ মার্চ রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে মোবাইলে ডেকে আনে জাহিদ। এরপর কৌশলে তাকে চর লুছনি গ্রামের একটি বাড়িতে আটকে রাখা হয়। পরদিন ২৩ মার্চ রাতে ঢাকা নেওয়ার কথা বলে জাহিদ ও তার দুই সহযোগী তাকে নদীর চরে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করে ভোরের দিকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় জুব্বার মোড় এলাকায় বিধ্বস্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় কচাকাটা থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে।