পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে তিন যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রাম থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মো. সাগরের ছেলে নয়ন (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা একজোট হয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পোরশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। বিচার চলাকালে আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত ১৮, ১৯ ও ২০ নম্বর মামলায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, স্থানীয় জনতার সহায়তায় তিন মাদকসেবীকে আটক করা হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
তিনি আরও জানান, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://www.kaabait.com