March 3, 2026, 3:21 pm
নাজমুল হোসেন লাবলু, শিবচর, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন , সারা দেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা সরকার স্বীকৃত স্ট্যাম্পযুক্ত চুক্তিপত্রে আবদ্ধ এবং সরকারি কোষাগারে প্রতিজন ত্রিশ হাজার টাকা জামানত জমা দিয়েছেন। তারা বলেন, যদি আমাদের এই লাইসেন্স বাতিল করা হয়, তাহলে ৪৪ হাজার পরিবারের রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে।
বক্তারা আরও জানান, ২০০৯ সাল থেকে তারা খুচরা সার বিক্রি করে আসছেন। কৃষকের প্রয়োজনের সময় তারা ধার-বাকি দিয়ে সার সরবরাহ করেন, ফলে অনেক টাকা কৃষকদের কাছে বকেয়া রয়েছে। তারা বলেন, লাইসেন্স বাতিল হলে দেশের ৪৪ হাজার পরিবার পথের ধারে বসে যাবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এই লাইসেন্স যেন বাতিল বা স্থগিত না করা হয়।
মানববন্ধন শেষে সার বিক্রেতাদের পক্ষ থেকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।