March 3, 2026, 12:49 pm
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝায় ট্রাক উল্টে আকাশ (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাওনা থেকে টাইলস বোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক আকাশ গাড়ির ভেতর আটকা পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে মাগুরা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে উদ্ধার করতে কিছুটা সময় লাগে।
মাগুরা হাইওয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, অতিরিক্ত গতি থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।