March 3, 2026, 9:29 am
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাটে রাজনৈতিক গ্রুপিং ও আধিপত্য বিস্তারের জেরে নিজ দলের কর্মীদের হামলায় এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু শুক্রবার জুমার নামাজের পর। সিপাইপাড়া গ্রামের একটি মসজিদে স্থানীয়রা আসন্ন একটি ইসলামী জলসা আয়োজনের বিষয়ে আলোচনায় বসেন। সেই বৈঠকে জলসার ‘প্রধান অতিথি’ নির্বাচন নিয়ে শুরু হয় বিতর্ক। এরশাদ আলী ও তার সঙ্গীরা স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অপর পক্ষ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারীরা তাদের নেতাকে প্রধান অতিথি করার দাবি তোলেন। এই নাম প্রস্তাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারাবীর নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথিমধ্যে সিপাইপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে ওত পেতে থাকা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, গাজী, সুমন, সাব্বির ও আশাদুলসহ কয়েকজন তার ওপর চড়াও হন। তারা লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে এরশাদ আলীকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য মতে, ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জড়িতদের আটকে অভিযান চলছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।”