নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি: তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এবং ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবচর উপজেলা আড়িয়াল খাঁ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গুলজার হোসেন।
বক্তারা বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব।
আলোচনা শেষে বিশেষ অতিথি শাইখা সুলতানা শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এ বছর শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত হন মো. মহোসিন উদ্দিন (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), মোহাম্মদ লিয়াকত হোসেন (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রাবেয়া খানম (পরিবার কল্যাণ সহকারী, বাঁশকান্দি ইউনিয়ন) এবং কানিজ ফাতেমা (পরিবার কল্যাণ পরিদর্শিকা, কাঁঠালবাড়ী ইউনিয়ন)। এছাড়া বাঁশকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ বসুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
https://www.kaabait.com