মুতাসিম তানিম জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বিআরডিবির উপজেলা কর্মকর্তা মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে অতিথিরা বৃক্ষের চারা বিতরণ করেন।
https://www.kaabait.com