March 5, 2026, 3:27 pm
রংপুর অফিসঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র্যালী হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন মহানগরের সেক্রেটারী, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে বিজয় র্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়। দুপুরে নগরীর শাপলা চত্ত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।
মহানগর জামায়াতের ৩৩টি ওয়ার্ড জামায়াতসহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর জুলাই চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে চাঁদাবাজ, দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে দুপুরে নগরীতে বিজয় র্যালী করেছে মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু’র নেতৃত্বে বিজয় র্যালীটি গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ সংরক্ষণ করবে। সেই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে কাজ করবে। ### ১৬-১২-২৫ইং