March 5, 2026, 9:34 pm
নজরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাগমারা থানায় ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাপক শীতের প্রবাহ লক্ষ্য করা গেছে। ভোর থেকে ঘন কুয়াশা ও আকাশে ঘন মেঘের কারণে পুরো এলাকায় শীতের তীব্রতা বেড়ে যায়। এর প্রভাবে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ঘন কুয়াশার কারণে কৃষকরা সময়মতো মাঠে যেতে পারছেন না। ফলে ধান, সবজি ও অন্যান্য ফসলের পরিচর্যায় বিঘ্ন ঘটছে। অনেক কৃষক জানান, কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারণে তারা ঠিকমতো কৃষিকাজ করতে পারছেন না।
এদিকে শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছোট শিশু ও বয়স্করা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি কুয়াশার কারণে চলাচলে সমস্যা দেখা দেওয়ায় সাধারণ মানুষও নানা দুর্ভোগে পড়ছে।
এলাকাবাসীর দাবি, শীতার্ত মানুষের জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।