এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা ১৪ মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে ২ লাখ ৪ হাজার ৩১ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সময়ে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ নানা অপরাধে জড়িত ১৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক, চোরাই মোবাইল ফোন এবং অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে।
৮ এপিবিএনের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৪ মে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৭১টি মামলায় ১৬৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিসংখ্যান:
হত্যা মামলা: ২২ জন
মাদক মামলা: ৪৩ জন
অস্ত্র মামলা: ৮ জন
** অপহরণ মামলা:** ১২ জন
ধর্ষণ মামলা: ২ জন
চুরি মামলা: ৫ জন
অন্যান্য: ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য আসামিরা।
উদ্ধারকৃত আলামত ও মালামাল:
মাদক ও নগদ অর্থ: ২ লাখ ৪ হাজার ৩১ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৩ লিটার দেশীয় মদ, বিকাশ প্রতারণার ৩০ হাজার টাকা এবং মাদক বিক্রি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ১৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
অস্ত্র ও গোলাবারুদ: ১টি সাবমেশিনগান (এসএমজি), ১টি পিস্তল, ১টি রিভলভার, ৭টি ওয়ান শুটারগান, ২টো একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি, ২৩টি গুলির খোসা, ৩ রাউন্ড কার্তুজ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র।
অন্যান্য উদ্ধার সামগ্রী: ১টি ওয়াকিটকি সেট এবং হারানো বা চুরি যাওয়া ৩৭টি মোবাইল ফোন।
এছাড়াও গোয়েন্দা তথ্য ও কৌশলগত অভিযানের মাধ্যমে জীবনের ঝুঁকি কমিয়ে অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এপিবিএনের অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি (এফডিএমএন, কক্সবাজার)-এর সার্বিক দিকনির্দেশনায় ৮ এপিবিএনের গোয়েন্দা দল ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করে আসছে।
৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ, অস্ত্রের মহড়া প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, অনলাইন ও সরাসরি জুয়া বন্ধ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
https://www.kaabait.com