নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভারসাম্যহীন এক ব্যক্তির লাঠির আঘাতে আমেনা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪নং খালতা-মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমেনাসহ তিন শিশু ওই এলাকার হোসাইন মন্ডলের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই মহল্লার মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে হোসাইন মণ্ডল (৩৫) হঠাৎ এক হাতে দা এবং অন্য হাতে লাঠি নিয়ে শিশুদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমেনা পড়ে যায়। অভিযোগ রয়েছে, তখন হোসাইন মণ্ডল শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় শিশুদের চিৎকারে আমেনার ভাবি বাড়ি থেকে বের হয়ে আসেন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করেন।
দ্রুত শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত হোসাইন মণ্ডলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
https://www.kaabait.com