মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্যান্টের থান কাপড় জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন। অভিযানে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান ও পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমান (ফজলু চেয়ারম্যান) এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ২৬৮ পিস প্যান্টের থান কাপড় উদ্ধার করা হয়। ১২ মিটার দৈর্ঘ্যের এসব কাপড়ের মোট পরিমাণ ৩ হাজার ২০৬ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চিহ্নিত ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে কুড়িগ্রামজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে।
https://www.kaabait.com