এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টেকনাফের সংবাদকর্মী আরাফাত সানী। কারামুক্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের গ্রেপ্তার ও মামলার বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
আরাফাত সানীর দাবি, তিনি কোনো মাদক বা অস্ত্র-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁর ভাষ্য, কিছু প্রশাসনের লোক আমাকে ডেকে নিয়ে যায়। পরে আমার বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের অভিযোগ এনে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়। আমি এসব ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
তিনি আরও বলেন, একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছিলেন। সে কারণেই তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে বলে তাঁর অভিযোগ।
আরাফাত সানী বলেন, ছয় মাস কারাগারে থেকে আমি ও আমার পরিবার চরম দুর্ভোগের শিকার হয়েছি। আমি ন্যায়বিচার চাই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।
মুক্তির পর আরাফাত সানী আরও বলেন, জেলখানায় প্রায় তিন হাজার বন্দি রয়েছে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে তাদের মধ্যে অন্তত এক হাজার মানুষ নিরপরাধ এবং মিথ্যা মামলায় কারাবন্দি। আমি নিজেও এমন একটি মিথ্যা মামলার শিকার হয়েছি। তাই আমি চাই, এসব মামলার নিরপেক্ষ তদন্ত হোক এবং নিরপরাধ মানুষ যেন ন্যায়বিচার পায়।
এদিকে তাঁর মুক্তিকে স্বাগত জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, মামলার বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
https://www.kaabait.com