June 14, 2026, 5:36 am
রংপুর অফিসঃ রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে মেলার উদ্বোধন করেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। শহীদ আবু সাঈদ বই মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ ফেরদৌস রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদকে স্মরনীয় করে রাখতে দ্বিতীয়বারের মত আয়োজন হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। চারদিনব্যাপী এ মেলা চলাকালীন বিশ^বিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ পালিত হবে। এতে করে বইমেলায় ব্যাপক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। শহীদ আবু সাঈদ একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে আত্মত্যাগ করেছেন। তাকে স্মরনীয় করে রাখতে এ আয়োজন অব্যহত থাকবে।
মেলায় বিভিন্ন প্রকাশনী ও সংগঠনের ৩৫টি স্টলে বিজ্ঞান, কবিতা, উপন্যাস, অনুপ্রেরণামূলক বইসহ বিখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এ বইমেলা।