June 14, 2026, 10:57 am
রংপুর অফিসঃ
রংপুরে অস্ত্র মামলার পলাতক আসামী জাবেদ ওরফে টোকাই জাবেদকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাবেদ মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাশিয়াপাড়া গ্রামের হাসেম খানের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গত ৩ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীমকে নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকায় আটক করে এলাকাবাসী র্যাবকে খবর দেয়। ঘটনাস্থলে এসে র্যাব শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় শামীমের সাথে থাকা আরও দুই থেকে তিন জন সহযোগি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তাজহাট থানায় অস্ত্র আইনে মামলা হলে র্যাব সোমবার রাতে অভিযান চালিয়ে টোকাই জাবেদকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, টোকাই জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।