June 4, 2026, 6:26 pm
মিঠুন শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, এক এগারোর রাজপথ কাঁপানো লড়াকু ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাম্প্রতিক সময়ে তৃণমূলের অতি জনপ্রিয় মুখ সাইফুল ইসলাম ফিরোজকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ নির্বাসন ও বহিষ্কারের গ্লানি মুছে আবারও দলীয় মূল স্রোত এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরছেন সাবেক এই ত্যাগী ছাত্রনেতা। সাইফুল ইসলাম ফিরোজের দলে ফেরার খবরে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়েছে তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে।
গতকাল বুধবার (১৮ মার্চ) বিএনপির গুলশান কার্যালয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সাইফুল ইসলাম ফিরোজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা যায়, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে তাঁর যে বিশাল জনসমর্থন রয়েছে, তা বিবেচনায় নিয়েছে হাইকমান্ড। সূত্রমতে, অতি দ্রুতই তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে যথাযথ সম্মান ও দায়িত্বশীল পদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজের আকাশচুম্বী জনপ্রিয়তা ও ওয়ান ইলেভেনের সময়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আমলে নিয়েছে বিএনপির হাইকমান্ড। যখন অনেক বড় নেতা আত্মগোপনে ছিলেন, তখন রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন এই সাবেক এই ছাত্রনেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জ ও সদরের একাংশে তিনি যে গণজোয়ার তৈরি করেছিলেন, তা এখনও স্থানীয়দের মাঝে নব উদ্দীপনার জোয়ার তোলে।
উল্লেখ্য, গত নির্বাচনে শেষ মুহূর্তে দলীয় চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় এবং স্থানীয় নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এটি ছিল সাময়িক আবেগপ্রসূত সিদ্ধান্ত এবং দলের প্রতি তাঁর আনুগত্য কখনোই কমেনি। দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশেই ছিলেন।
কালীগঞ্জের তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মী জানান, “সাইফুল ইসলাম ফিরোজ আমাদের দুঃখ-কষ্ট ও বিপদ-আপদের সঙ্গী। তাঁকে দল থেকে দূরে রাখা মানে স্থানীয় বিএনপিকে দুর্বল করে রাখা। তিনি ফিরে আসলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে।”
কেন্দ্রীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সাইফুল ইসলাম ফিরোজ তার মধ্যে অন্যতম। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এই খবরে সাইফুুল ইসলাম ফিরোজের নির্বাচনী এলাকা ও ভক্ত সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।