March 5, 2026, 5:38 pm
মো. আনোয়ার হোসেনঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও আইনি প্রতিকার না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই নারী। গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার গাড়াজান গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন উপজেলার গাড়াজান এলাকার মৃত হরি সাধন বণিকের স্ত্রী অর্চনা বণিক (৬০)।
ভুক্তভোগী জানান, তিনি বাড়িতে একাকী বসবাস করেন। ঘটনার দিন রাতে তিনি খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ডিসেম্বর সকালে উঠে দেখেন তার বসতঘরের পূর্ব পাশের ঘরের তালা ভাঙা এবং দরজা খোলা। ঘরে রাখা কয়েক বস্তা ধান, সেচ দেওয়ার মোটর এবং একটি বড় স্ট্যান্ড ফ্যানসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে অর্চনা বণিক বলেন, আমার সন্তানরা সবাই কর্মস্থল ঢাকায় থাকে। আমি একাকী এই বাড়িতে থাকি। চুরির ঘটনার পর আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই এবং ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ নিয়ে যাই। কিন্তু পুলিশ আমার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির বিষয়টি তারা অবগত আছেন এবং ঘটনার সত্যতা প্রমাণে তারা প্রস্তুত। তবে পুলিশের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। উনারা চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আলিম জানান, চুরির ঘটনায় তদন্তে গিয়েছিলেন। প্রায় ২ মাস পার হলেও আইনগত ব্যবস্থা গ্রহণ না করা সংক্রান্তে কোন সদুত্তর দিতে পারে নি। অপরদিকে ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কেন মামলা নেওয়া হয়নি সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।