June 15, 2026, 2:15 pm

মান্দায় জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
মান্দা উপজেলার নবগ্রাম এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা-ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবগ্রাম গ্রামের বাসিন্দা শ্রী নিপুল কুমার কবিরাজ দাবি করেন, তার দাদা মৃত শ্রী চরণ কবিরাজের খতিয়ানভুক্ত ও পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর জোরপূর্বক প্রাচীর নির্মাণের চেষ্টা করেন একই এলাকার শ্রী রতন কুমার কবিরাজ, শ্রী নয়ন কবিরাজ ও শ্রী হেমেন্দ্রনাথ কবিরাজ।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার সাব-ইন্সপেক্টর আসিশ কুমার ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেন।
তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে থানার নির্দেশ অমান্য করে কয়েকজন শ্রমিক দিয়ে পুনরায় প্রাচীর নির্মাণ শুরু করেন অভিযুক্তরা। বিষয়টি জানতে পেরে নিপুল কুমার ও তার মা ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে কাজ বন্ধের অনুরোধ জানান। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় নিপুল কুমার ও তার মা গুরুতর আহত হন। আহত মায়ের পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।
ঘটনার পর বিষয়টি তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আসিশ কুমারকে জানানো হলে তিনি প্রথমে চিকিৎসা নেওয়ার পর থানায় এসে মামলা করার পরামর্শ দেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.