March 3, 2026, 3:45 pm
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃআ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ এর পক্ষে জনমত সৃষ্টি ও তৃণমূলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ যুবদল নেতা রাজশাহী জেলা যুবদলের সদস্য আল-আমীন জমাদার।
গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই বাঘা উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা সহ বাজার-ঘাটে ব্যাপকভাবে গণসংযোগ ও পথসভা করছেন আল-আমীন এবং তার অনুসারী যুবদলের একঝাঁক নেতাকর্মী।
গণসংযোগকালে আল-আমীন জমাদার বলেন, “বিগত ১৭ বছর এই এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বাঘা-চারঘাটের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, আর এই দুর্গ পুনরূদ্ধারে যুবদল রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, আল-আমীন দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন। বিশেষ করে রাজনৈতিক ক্রান্তিকালে তৃণমূলের কর্মীদের আইনি সহায়তা প্রদান ও মনোবল চাঙ্গা রাখতে তার ভূমিকা প্রশংসনীয়। বর্তমানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করায় তিনি প্রতিদিন বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ছোট ছোট সভা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজশাহী-৬ আসনে এবার বিএনপি ও জামায়াতের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে আল-আমীনের মতো তরুণ নেতাদের এমন সক্রিয়তা বিএনপির সাধারণ ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করতে পারলে বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয় সম্ভব।
পথসভায় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।