সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
প্রতারণার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকার সাভার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে সাইবার পুলিশের একটি দল। তাদের দাবি, রাজশাহীর বাঘা থানার বাসিন্দা ওসমান একজন প্রতারক। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করেন তিনি।
সিআইডির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
সিআইডি বলছে, সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের একটি বিশেষ আভিযানিক দল সোমবার সাভার থেকে ওসমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পরিচয় দিয়ে রাজশাহীর ডিসির কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করেন, রাজশাহীতে কোনও আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একইসঙ্গে তিনি ডিসির কাছ থেকে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসিকে বিষয়টি জানায়। পরে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এই প্রতারককে শনাক্ত করা হয়।
গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরণের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায়, তিনি একজন পেশাদার প্রতারক। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।