সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ "ভালো কাজের স্বীকৃতি, চাঙ্গা করে মনোবল, বৃদ্ধি করে কর্ম উৎসাহ ও কর্মস্পৃহা"—এই বাণীর প্রকৃত বাস্তবায়ন ঘটিয়ে রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গৌরব অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার চৌকস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ কর্তৃক জুলাই/২০২৬ মাসের কর্মমূল্যায়নে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সম্প্রতি "Best Officer In-Charge of the Month (July)" এর সম্মাননা ক্রেস্ট লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার মো. শরীফুল হক।
এদিকে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অর্জনে আনন্দিত ও গর্বিত লালপুর থানা পুলিশ পরিবার সহ থানা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।
সাফল্যের এই অনুভূতি প্রকাশ করে ওসি শফিকুল ইসলাম জানান, এই অর্জনের একক কোনো দাবিদার নেই। বরং এর অংশীদার নাটোর জেলা পুলিশের প্রতিটি সম্মানিত সদস্য। পাশাপাশি নাটোরের লালপুরের সর্বস্তরের জনসাধারণ, যারা পুলিশকে ভালোবেসে সবসময় পাশে থেকেছেন এবং তাদের আন্তরিকতা, সৌহার্দ্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন—এই সাফল্য তাদের সবার।
এছাড়াও তিনি, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং আস্থার প্রতীক হয়ে ওঠার এই ধারা আগামী দিনেও অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।