বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সরাসরি নেতৃত্বে পৌর এলাকার ব্যস্ততম স্থানগুলোতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
গত ( ০৩ সেপ্টেম্বর ২০২৬) বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৌর শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ স্থাপনা, ভাসমান দোকানপাট ও অনিয়ম ভাবে রাখা মালামাল অপসারণ করা হয়। বিশেষ করে গোদাগাড়ী হাটপাড়া, উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকা এবং যানজট প্রবণ ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে সার্বিক ফুটপাত পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়।
অভিযান চলাকালে ইউএনও ইসরাত জাহান ব্যবসায়ী ও দখলদারদের কঠোর বার্তা দেন। সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করা হলে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এ ঝটিকা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারী ও সাধারণ নাগরিকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের ফলে প্রতিনিয়ত তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথ চলতে হতো। এই পদক্ষেপের ফলে জনভোগান্তি কমবে এবং স্বস্তি ফিরবে।
জনস্বার্থে ও যানজট মুক্ত শহর গড়তে উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষে নিশ্চিত করা হয়েছে।