রংপুর অফিসঃ রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বিএনপি’র রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপি’র সদস্য সুলতান আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সেক্রেটারী অ্যাড. শাফি কামাল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সিসহ অন্যরা।
মহানগর বিএনপি’র সদস্য সুলতান আলম বুলবুল বলেন, রংপুর-৩ আসনের ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে এ আসন থেকে জাতীয় পার্টি বারবার বিজয়ী হয়েছে। এরপর তারা ক্ষমতায় গিয়ে সদরবাসীর কোন উন্নয়ন করেনি। গণঅভ্যূত্থান পরবর্তী জনগণ পুরনো আবেগ ভূলে তারা স্থানীয়, সৎ, যোগ্য ব্যক্তি হিসেবে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুকে সংসদে পাঠাতে চান। বর্তমানে সদর আসনের চারদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরী হয়েছে। সবাই জানে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি’র প্রতীকে ভোট দিলে সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন হবে