June 14, 2026, 5:43 am
রংপুর অফিসঃ
রংপুর র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি কোনাপাড়া এলাকার মহাসেন আলীর ছেলে মোঃ জিকরুল (৩৫), মাদাইখামারের তহমীর উদ্দিনের ছেলে বেলাল মিয়া (৩৮) ও দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার টিকুর এলাকার রফিতুল্লাহ স্ত্রী সখিনা বেগম (৩৬)। রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পৌণে ৫টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পালিপাড়া গ্রামে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায় র্যাব। এ সময় তল্লাশীকালে কালো রংয়ের জিপার প্যাকের ভেতরে থাকা ১ হাজার ৭৫৯ পিস ইয়াবাসহ মাদক কারবারী জিকরুল, বেলাল ও সখিনা বেগমকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।