রংপুর অফিসঃ রংপুর নগরীকে যানজট মুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। বুধবার (২৫ মার্চ) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে সিটি বাজারের সামনে রাস্তা দখল করে ব্যবসা করা ফল, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু পণ্য জব্দ করা হয়। সেই সাথে ভবিষ্যতে নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটবে এমন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় ঈদের আগে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে সতর্ক করেন। এতে ব্যবসায়ীরা সাড়া না দেয়ায় মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান শুরু করেছে। এটি চলমান থাকবে। আমরা চাই নগরবাসীর চলাচলে যেন কোন ধরনের বিঘ্ন না ঘটে। অভিযানের পর কোন ব্যবসায়ী আবারও ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুর্নবাসনের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।