নওগাঁ প্রতিনিধিঃ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় রায়ের আদেশ কার্যকর না করায় আদালত অবমাননার দায়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মো: মোনাদিন হক গত ২৩ জুলাই প্রকাশ্য আদালতে এ আদেশ দেন। বিজ্ঞ বিচারক মহাদেবপুর ইউএনওকে দেয়া এ আদেশ সংক্রান্ত পত্রে গত ২৭ জুলাই স্বাক্ষর করেন। ইউএনওকে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেন তিনি।
এরআগে গত ২৩ মে বিজ্ঞ বিচারক আদালতের রায়ে নালিশী জমির দখল ফরিয়াদি বরাবর ১৫ কার্যদিবসের মধ্যে বুঝে দিয়ে আদালতের রায় কার্যকর করার এবং তা আদালতকে অবহিত করার নির্দেশ দেন মহাদেবপুর ইউএনওকে। ৭ জুন আদালতের এই আদেশপত্র পাবার পর গত দেড় মাসেও তা কার্যকর না করার অভিযোগ করা হয়েছে মহাদেবপুর ইউএনওর বিরুদ্ধে।
বিজ্ঞ বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন,“ফরিয়াদির দরখাস্ত ও দরখাস্তের সহিত দাখিলকৃত সি.আর ১৬৭/২০২৫ (মহাঃ) নং মামলার রায়ের জাবেদা পর্যালোচনায় করা হলো। উক্ত রায়ের আদেশে দেখা যায় যে, উক্ত আদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ২০ ধারায় প্রদত্ত ক্ষমতা মোতাবেক ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে নালিশী তফশিল বর্ণিত জেলা-নওগাঁ, উপজেলা-মহাদেবপুর, মৌজা-দোহাগী, আর.এস খতিয়ান নং-৩৩৫, প্রস্তাবিত খতিয়ান নং-১৫৯২, দাগ-৫২০ এর দক্ষিন পূর্বাংশে ০.০২২৫ একর জমির দখল অত্র মামলার ফরিয়াদি মোছাঃ বুলবুলি চৌধুরী, পিতা-মোঃ হারুন অর রশিদ, জং-মোঃ রানা চৌধুরী, সাং-দোহালী, পোঃ দরিয়াপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ বরাবর অদেশের তারিখ হতে ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দিয়ে অত্রাদালতকে অবগত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে নির্দেশ করা হয়েছিল। ফরিয়াদি তার দরখাস্তে অভিযোগ করেছেন যে, তিনি উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে বারবার অনুরোধ করেও নালিশী সম্পত্তির দখল বুঝে পাননি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে আদেশের ১৫ কর্মদিবসের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনপূর্বক অবগত করতে বলা হলেও অদ্যাবধি তিনি অত্রাদালতকে অবগত করেননি যা আদালত অবমাননার সামিল। এমতাবস্থায়, আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার একটি লিখিত ব্যাখ্যা আগামি ১০/০৮/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে দাখিলের জন্য উপজেল নির্বহী অফিসার, মহাদেবপুর, নওগাঁকে নির্দেশ প্রদান করা হলো।”
মামলা সূত্রে প্রকাশ, বুলবুলি চৌধুরি দোহালী গ্রামের ভবেন্দ্রনাথের ছেলে মিন্টু কুমার মন্ডলের বিরুদ্ধে গতবছর ২৭ ফেব্রুয়ারি ওই আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ফরিয়াদি বুলবুলি চৌধুরি নালিশী জমি আসামী মিন্টু কুমার মন্ডলের কাছ থেকে গত ২০২৩ সালের ১৭ অক্টোবর রেজিস্ট্রি দলিলযোগে কিনে নিজ নামে খারিজ করে খাজনা পরিশোধ করেন। কিন্তু মিন্টু বিক্রি করা জমি বুলবুলিকে বুঝে দেননি। এনিয়ে গ্রাম্য শালিসেও সে জমির দখল বুঝে দিতে অস্বীকার করে এবং ধারালো হাসুয়া দিয়ে ফরিয়াদিকে হত্যার হুমকি দেয়।
বিজ্ঞ বিচারক মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহাদেবপুর থানার ওসিকে নির্দেশ দেন। প্রতিবেদন পাবার পর সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৩ মে রায় দেন। রায়ে আসামী মিন্টু কুমার মন্ডলের ছয় মাস সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে নালিশী তপশীল বণিত সম্পত্তির দখল ফরিয়াদি বরাবর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বুঝে দিয়ে আদালতকে অবগত করার জন্য মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
জানতে চাইলে মোবাইলফোনে বুধবার (২৯ জুলাই) সকালে মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ আদালতের পত্র পাবার কথা নিশ্চিত করে জানান, জবাব প্রস্তুত করা আছে। সময়মত আদালতে দাখিল করা হবে।
https://www.kaabait.com