June 5, 2026, 7:43 am
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Effective Communication and Administrative Services” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| আজ বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ অপরিহার্য| কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ ও জনবান্ধব হবে| উপাচার্য আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| তিনি কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান|
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোঃ বদরুল আহসান| তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন|
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া| বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতির সঞ্চার হবে| সংবাদ বিজ্ঞপ্তি|