পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাতিপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে নুর হোসেনদের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক সম্পত্তির এই শরিকানা পুকুরে তারা দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে গিয়ে দেখতে পান চাষ করা রুই, কাতলা,তেলাপিয়া, মৃগেলসহ বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত নুর হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে এই বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে। এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় তারা পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, “এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.kaabait.com