আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮ টায় কদমগাড়ী গ্রামে তোতা নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন কালাচাঁন ও দিপেন নামের আরও দুই জেলে। নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টায় কদমগাড়ীর গ্রামের আবুল হোসেনের ছেলে তোতার পুকুরে মাছ ধরতে আসেন পারইল গ্রামের একদল জেলে। ওই পুকুরে আগে থেকেই পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ দেয়া ছিল। জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন নিরেন চন্দ্র। এছাড়া পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।