এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাচারের আগে ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই বাংলাদেশি ও তিন রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ২৮ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। স্থানটি বিওপি থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে পানির স্রোতে ভাসিয়ে বস্তা আনতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হলেও তাদের সহযোগীরা পানিপথে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকরা হলেন— পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. রুবেল (২৩) ও মো. সিফাত (১৯) এবং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুরা মিয়া (৩৮), এহসানুল হক (৩০) ও আব্দুল মুনাফ (২৪)।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইউরিয়া সার এবং আটক পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।