রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে শহরের চৌরঙ্গী ট্রাফিক পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রুট থেকে আসা কয়েকশ পরিবহন শ্রমিক অংশ নেন।
নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং- রাজ-৩৪৪৬)-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সৈয়দপুর ভিত্তিক নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং- রাজ-২২০)-এর কিছু নেতা রাজ-৩৪৪৬-এর জেলা নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও রুচিহীন বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আর শ্রমিক নির্যাতন সহ্য করব না। রাজ-৩৪৪৬ একটি বৈধ শ্রমিক সংগঠন। আমাদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা অভিযোগ তুলে শ্রমিকদের বিভক্ত করার অপচেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা, চাঁদাবাজি বন্ধ এবং পরিবহন সেক্টরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।”
প্রতিবাদ সভায় নেতারা দাবি করেন, অবিলম্বে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে, শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্প্রতি জলঢাকায় রাজ-৩৪৪৬-এর একটি শাখা কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে রাজ-২২০ ও রাজ-৩৪৪৬-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। পরে কার্যালয় উদ্বোধন সম্পন্ন হলেও দুই সংগঠনের বিরোধ অব্যাহত রয়েছে।
https://www.kaabait.com