শফিক টুটুল পিরোজপুরঃ
নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বুধবার বিকেলে উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
টুর্নামেন্টে নাজিরপুর সদর ও পার্শ্ববর্তী ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদারসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সভাপতিরা। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মো. রাসেল সিকদার বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন।
পরে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
https://www.kaabait.com