নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা ও নৌবাহিনীর 'কর্নেল' পরিচয়ে আলোচনায় আসা সেই মো. আব্দুল মুকিত পার্থ (৩১) এবার মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক আব্দুল মুকিত পার্থ উপজেলার সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে। তিনি ভাটগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মেসার্স শহীদ জোহা ফিলিং স্টেশনে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা ও 'ট্যাগ অফিসার' দাবি করে তদারকির ভান করার সময় তাকে জনতা আটক করে পুলিশে দিয়েছিল।
জামিনে বের হয়ে আজ কুন্দারহাটে আবার বাইক চুরির চেষ্টাকালে তাকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, আটক মুকিত পার্থের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।