নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় একটি দই প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ) সকাল ১০টায় পরিচালিত এ অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড গুনতে হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চাকলমা এলাকার “ভাই ভাই দধি ভান্ডার” নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই দই প্রস্তুত ও বাজারজাত করছিল। এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্য উল্লেখ করা হয়নি।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চাকলমা গ্রামের ছমেজ উদ্দিনের ছেলে
প্রতিষ্ঠানটির মালিক হোসেন আলী (৫৬) কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো. জামিল উদ্দিন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে নন্দীগ্রাম থানা পুলিশ।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইন অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক কে তথ্য নিশ্চিত করেন।