নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় টি আর (টেস্ট রিলিফ) বরাদ্দের অর্থায়নে উপজেলার রিধইল ফকিরপাড়া বাচ্চুর হ্যাচারি থেকে তোতা মাস্টারের বাড়ি অভিমুখী দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী ইট সোলিং সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংসদ সদস্য মোশারফ হোসেন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সড়কটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তার আন্তরিক প্রচেষ্টা ও উন্নয়নমুখী পরিকল্পনার ফলেই বহুদিনের অবহেলিত এই সড়কটি নতুন রূপ পেয়েছে। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এসেছে স্বস্তি।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় সংস্কারকৃত সড়কটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার। উদ্বোধনের পর তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।এ সময় আলাউদ্দিন সরকার বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন নির্বাচনের আগে নন্দীগ্রামবাসীর কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একে একে বাস্তবায়িত হচ্ছে। এই সড়কের সংস্কার তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে এবং উপজেলার যেসব সড়ক এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে।তিনি আরও বলেন, কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ করতে সরকার ও আমাদের জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। শিক্ষার্থী, কৃষক, রোগী বহনকারী যানবাহন এবং ব্যবসায়ীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। সংস্কারের ফলে এখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব হচ্ছে।
এলাকাবাসীর মতে, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই নন্দীগ্রামের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। সড়ক, শিক্ষা, কৃষি, জনকল্যাণসহ বিভিন্ন খাতে তার উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি জনগণের আস্থা আরও সুদৃঢ় করছেন বলেও মন্তব্য করেন স্থানীয়রা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, যুবদল নেতা রাজু আহমেদ, জয়নাল আবেদীন, মুয়াজ্জিন হোসেন, আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে নন্দীগ্রামের অবকাঠামোগত উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপজেলার আরও জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের আওতায় আসবে।