নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ আছর নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
নন্দীগ্রামে মাদকের বিরুদ্ধে ছাত্রদলের জিরো টলারেন্স, পুলিশের হাতে সোপর্দ-২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের কাছ থেকে মোট ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ পুরিয়া হেরোইন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ এলাকা হতে তাদের আটক করা হয়।পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, ওই এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবীসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের মাদকদ্রব্যসহ নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।আটকরা হলেন, নন্দীগ্রাম পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে কাশ্মীর আলী (২৮) এবং নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত শামছুল হকের ছেলে জিয়াউল হক রুবেল (৪৬)।পুলিশ জানায়, কাশ্মীর আলীর কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট এবং জিয়াউল হক রুবেলের কাছ থেকে ৪২ পিস ইয়াবা, ৪ পুরিয়া হেরোইন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।