নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:দীর্ঘদিনের অবহেলা, নানা সীমাবদ্ধতা আর অনুন্নত অবকাঠামোর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার পর অবশেষে স্বপ্নপূরণের পথে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী চাকলমা উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বিদ্যালয়টির জন্য দেড় কোটি টাকা ব্যয়ে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত তালিকায় বিদ্যালয়টির নাম অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে বিদ্যালয়টিতে একটি আধুনিক একাডেমিক ভবনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ভবনের সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হতো এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও বিগত সরকারের সময় বিদ্যালয়টির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তবে বর্তমান বিএনপি সরকারের সময় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে বিদ্যালয়টির জন্য নতুন একাডেমিক ভবনের বরাদ্দ অনুমোদিত হওয়ায় দীর্ঘদিনের সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, চাকলমা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নতুন ভবনের অনুমোদনের খবরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অ্যাডহক কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের সর্বস্তরের মানুষ সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি এনামুল হক বলেন,চাকলমা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ করেছে। আধুনিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা নিরাপদ, মনোরম ও আধুনিক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে। আমরা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রধান শিক্ষক মাহবুর রহমান বলেন,আমাদের প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে পাঠদান করাতে হয়েছে। নতুন ভবনের বরাদ্দ আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এটি শুধু একটি ভবন নয়, শিক্ষার মান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এজন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এলাকাবাসীর মতে, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শুধু চাকলমা গ্রামের শিক্ষার্থীরাই নয়, আশপাশের কয়েকটি গ্রামের শত শত শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। এতে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের ফলাফল ও সার্বিক মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, দ্রুত নির্মাণকাজ শুরু হয়ে নির্ধারিত সময়ে শেষ হলে চাকলমা উচ্চ বিদ্যালয় নন্দীগ্রামের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং গ্রামীণ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন,বিএনপি জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া একটি জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই আমরা শহরের পাশাপাশি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চাকলমা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের বরাদ্দ তারই একটি অংশ।
তিনি আরও বলেন,ইতোমধ্যেই চাকলমাসহ কাহালু-নন্দীগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের বরাদ্দ দেওয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও অবকাঠামোগত সংকটে রয়েছে, সেগুলোকেও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অবহেলিত রাখা হবে না।
সংসদ সদস্য আরও বলেন,আমার নির্বাচনী এলাকার প্রতিটি ছেলে-মেয়ে যেন নিরাপদ ও আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমার অঙ্গীকার। শিক্ষাই একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি। তাই শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতায় কাহালু-নন্দীগ্রামকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।