June 14, 2026, 5:46 am
মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি :
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ,রবিউল ইসলাম নয়ন বলেছেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, আর সেই লক্ষ্য বাস্তবায়নে খেলাধুলার প্রসার অপরিহার্য।
শনিবার(১১ এপ্রিল )শতখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, হাজারো দর্শকের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো—হা-ডু-ডু, কাবাডি খেলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মাগুরা-২ আসনের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় যশোরের খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব এবং একতা ক্লাব সিংড়া। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ছয় উইকেটের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে দুইটি ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শালিখা উপজেলা যুবদল নেতা হাসিবুর ইসলাম (আসিফ)।
১৬টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।