মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
বুধবার (০৭ জানুয়ারি), বিকেল ৩ ঘটিকায় ঝিনাইদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম. এ. মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আকতারুজ্জামান, মুন্সী কালাম আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম. এ. মজিদ বলেন,
"মা, মাটি ও গণমানুষের মুক্তি কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রাম করে গেছেন। এই লাল-সবুজের বাংলাদেশের বাইরে তাঁর কোন ঠিকানা ছিল না। সর্বশেষ, তিনি এই দেশেই মৃত্যুবরণ করেছেন। দেশের সাধারণ জনগণ ও মাটি ছেড়ে কোথাও যাননি। বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়া একটি অমর, অক্ষয় ও অবিস্মরণীয় নাম। আল্লাহ মহীয়সী এই মানুষকে জান্নাতবাসী করুন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
এ-সময় কুরআন তেলওয়াত ও দরুদ পাঠের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সার্বিক পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সর্ব স্তরের জনগণ।