রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: "দেশ গড়বে নতুন শক্তি, এগিয়ে যাচ্ছে এনসিপি-দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় জুলাই পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা এনসিপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ডাকবাংলো মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নের নেতৃত্বে আয়োজিত পথসভায় তিনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা যুবশক্তির আহ্বায়ক আহসান হাবীব রক্সি। পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইদুজ্জামান বাবু এবং কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি অধ্যাপক এ.এ.এম. মুজাহিদ মাসুম এবং পৌর আমির মোজাম্মেল হক। বক্তারা তিস্তা নদীর পানির সুষম বণ্টন, জুলাই সনদ বাস্তবায়ন, বাজেট বৈষম্য দূরীকরণ এবং দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার এনসিপির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জলঢাকার সন্তান ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়নকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, দলের মনোনীত আগামী দিনের নেতৃত্ব হিসেবে তাঁর পাশে থেকে এনসিপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।