মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি :
মাগুরা পৌরসভার আওতায় হোল্ডিং ট্যাক্সসহ একাধিক করের হার হঠাৎ করে বহুগুণ বাড়ানোর উদ্যোগে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে পৌর এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে মাগুরা পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে মাগুরা বণিক সমিতি।
২৪ ডিসেম্বর (বুধবার )বোনের পৌর এলাকার অন্যতম প্রভাবশালী সংগঠন বণিক সমিতির নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পৌর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা, বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার অবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
ব্যবসায়ী নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বর্তমান সময়ে মানুষ দৈনন্দিন খরচ সামলাতেই দিশেহারা। এমন পরিস্থিতিতে পৌরসভার কর কাঠামো বহুগুণ বাড়ানো হলে তা জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে এবং ব্যবসা-বাণিজ্য আরও স্থবির হয়ে পড়বে। তাই অবিলম্বে এই কর বৃদ্ধি কার্যকর না করে তা স্থগিত রাখার দাবি জানান তারা।
পৌরবাসীর প্রতিনিধি হিসেবে বণিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির (রাজা)-এর নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানকালে বলেন, কর আরোপের যৌক্তিকতা তখনই আসে যখন নাগরিক সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়। অথচ বাস্তবে মাগুরা পৌরসভার সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই।
স্মারকলিপি গ্রহণ করে মাগুরা পৌরসভার পৌর প্রশাসক প্রতিনিধি দলকে জানান, ব্যবসায়ী ও পৌরবাসীদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
এদিকে পৌর এলাকার ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অভিযোগ, অতিরিক্ত কর আদায়ের কোনো যৌক্তিক ভিত্তি বর্তমানে নেই। সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় ঘাটতি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
বণিক সমিতির নেতারা জানান, জনগণের মতামত উপেক্ষা করে কর বৃদ্ধির সিদ্ধান্ত একতরফাভাবে বাস্তবায়ন করা হলে তারা পৌরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সচেতন মহলের মতে, এই মুহূর্তে কর বৃদ্ধির পরিবর্তে জনস্বার্থ রক্ষা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই হওয়া উচিত স্থানীয় প্রশাসনের প্রধান দায়িত্ব।