রংপুর অফিসঃ
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি ২৪৩ আসনে প্রার্থী দিলেও কমপক্ষে ১’শ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টার্গেটে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনী পরিবেশ ভাল থাকলে, মানুষ ভোট দিতে আগ্রহ প্রকাশ করবে। ভোটারদের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে, প্রত্যেক প্রার্থী অবাধে তাদের নির্বাচনী কাজ করতে পারলে জাতীয় পার্টি ভাল ফলাফল করবে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া কিছু নেতা আবারও মূল দলে ফিরে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন দলের মনোনয়নও পেয়েছেন। যারা নির্বাচনে জয় লাভ করতে পারবে কিংবা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারবে তাদের মনোনয়ন দেয়া হয়েছে। আমরা রংপুর-১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। তার আসনে জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টির জয়যাত্রার সূচনা হবে। আমরা চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকুক। কেউ নির্বাচনী আচরণবিধি লংঘন করলে নির্বাচন কমিশন যেন তার বিরুদ্ধে অ্যাকশন নেয়।
রংপুর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, রংপুর-১ আসনে লাঙলের গণজোয়ার উঠেছে। আমি দীর্ঘদিন ধরে রংপুর-১ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টিতে সক্রিয় না থাকলেও আমার ছোট ভাইয়ের মাধ্যমে দলের জন্য কাজ করেছি। রংপুর-১ আসনের মানুষের কাছে ক্লিন ইমেজ থাকায় তারা এ নির্বাচনে আমাকে জয়ী করে সংসদে পাঠাতে চায়। জাতীয় পার্টি ও আমার একটি নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি রংপুর-১ আসনের মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফারুক আহমেদ, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ দলের নেতাকর্মীরা।