June 4, 2026, 12:01 pm
মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ-এ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবুল হোসেন খান-কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিলয় পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ, অশ্লীল ও মানহানিকর বক্তব্যসম্বলিত বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও প্রচার এবং শেয়ার করেন। এছাড়া বিভিন্ন পোস্টের ক্যাপশনেও আপত্তিকর মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল-এ সাইবার নিরাপত্তা আইন-এ একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশ-কে নির্দেশ প্রদান করেন।
আদিল হোসেন জানান, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয় এবং অভিযুক্ত নিলয় পারভেজকে গ্রেপ্তার করে ১৭ মে ২০২৬ তারিখে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেনের কঠিন ভূমিকার জন্য সাধারণ মানুষের মুখে মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করছেন।