রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন
নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এক সুধী ও মতবিনিময় সভা অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আকর্ষণ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর গর্ব, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। একই সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করেন সংরক্ষিত নারী আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব রেহেলা আক্তার রানু।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ স্ব-স্ব আসন গ্রহণ করেন। এরপর অতিথিদেরকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আশরাফ উদ্দিন আরমানের পবিত্র কোরআন তেলাওয়াত এবং একই শ্রেণির শিক্ষার্থী নন্দিতা রায়ের পবিত্র গীতা পাঠের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠানের সূচনা লগ্নে কলেজের অধ্যক্ষ স্বাগত বক্তব্য প্রদান করে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান এবং কলেজের সার্বিক দিক তুলে ধরেন।
সুধী ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। নীলফামারীর মাটি ও মানুষের এই কৃতি সন্তান এবং এলাকাবাসীর অহংকার তুহিন ভাই তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে কলেজের নতুন এই মসজিদ ও একাডেমিক ভবন যাতে দ্রুত এবং মানসম্মত উপায়ে সম্পন্ন হয়, সেই আশা প্রকাশ করেন। সেই সাথে সম্মানিত অতিথির তালিকায় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জনাব তামান্না ইয়াসমিন, যিনি এই শুভ উদ্যোগে নিজের সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অন্য অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাজেরুল ইসলাম, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ গোলাম মাজেদ এবং নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান। বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্যে এলাকার শিক্ষা বিস্তারে এ জাতীয় অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে, মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সোহায়েল পারভেজ সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।