June 17, 2026, 12:03 am

শিরোনাম :
নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

রংপুরে উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

 রংপুর অফিস

রংপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ভোট গ্রহণের আধাঘন্টা আগে সকাল ৭টায় রংপুর নগরীর জুম্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ ভোটারকে অপেক্ষা করতে দেখা গিয়েছিল। ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তারা। কেন্দ্রের প্রধান ফটক খুলতেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং দ্রুত সময়ের মধ্যে ভোট দেন। কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ, আনসার বাহিনীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সেই সাথে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মনিটরিং এবং বডিওর্ন ক্যামেরাধারী পুলিশ দায়িত্ব পালন করেছে। এছাড়া কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি’র ব্যাপক টহল ছিল। বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, পীরগাছা দেউতি উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর চুহড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ভোটারদের মাঝে ভোট প্রদানে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা এনামুল হোসেন বলেন, ১৬ বছর ধরে ভোট দিতে পারি নাই। এবার সুন্দর পরিবেশে যোগ্য প্রার্থীকে ভোট দিলাম। সেই সাথে দেশের কাঙ্খিত সংস্কার ও পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি।
আকলিমা খাতুন বলেন, আমি নতুন ভোটার। প্রথমবারই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই আগামীর বাংলাদেশ হোক দুর্নীতি, সন্ত্রাসমুক্ত হোক।
দেউতির ভোটার মফিজার রহমান বলেন, হামার এত্তি অনেক ভাল পরিবেশ। তাড়াতাড়ি ভোট দিবার পানু। ম্যালা পুলিশ, মেজিস্ট্রেট এটে আচে। কোন সমস্যা হয় নাই।
দেউতি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফজলে রাব্বী জানান, কেন্দ্রে ৩ হাজার ৯৬১ জন ভোটার থাকলেও বেলা ১২টার মধ্যে শতকরা ৫০ ভাগের বেশি ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
এদিকে রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রংপুর-৪ আসনের প্রার্থী এনসিপি’র সদস্য সচিব ঢাকার ভোটার হওয়ায় তারা নিজেকে ভোট দিতে পারেনি। তবে বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আখতার হোসেনের মা ভোট দিতে যান। এ সময় আখতার হোসেন বলেন, প্রশাসন দূর্বলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের দূর্বলতার মধ্য দিয়ে নির্বাচন হলে ভোটের ফলাফল ও সুষ্ঠু ভোট নিয়ে শংঙ্কা তৈরী হবে। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক ও পেশাদারিত্বের সাথে সমস্ত প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য আহ্বান জানাই। প্রশাসনকে আশ^স্ত করতে চাই, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে।
এদিকে সকাল ১০টায় বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা নেহার প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন রংপুর-২ আসনের প্রার্থী জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, এটা আমার ১৭ বছর পরের ভোট। ১৫ বছরতো জেলে ছিলাম। আমি অত্যন্ত আনন্দিত খুশি যে, আজ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এদিকে রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের রংপুরে অবস্থান করলেও তিনি কোন ভোট কেন্দ্র পরিদর্শন করেননি বলে জানা গেছে।
ওদিকে বৃহস্পতিবার দুপুরে সিলমারা ব্যালট নিয়ে শ্যামপুর সুগার মিল হাইস্কুল কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় ৩ জামায়াতের সমর্থককে আটক করে পুলিশ। পরবর্তীতে সেগুলো ডামি ব্যালট হিসেবে প্রমাণিত হওয়ায় আটককৃতদের শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন। দুপুরে পীরগাছা ইমামগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে উৎসুক জনতার ভিড় জমলে সেনাবাহিনীর সদ্যরা এসে ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যায় কাউনিয়া হারাগাছের দরদী উচ্চ বিদ্যালয় ভোট গণনার সময় বিএনপি নেতাকর্মীরা এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে গালিগালাজ করে কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য করে বলে আখতার হোসেন অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। কেন্দ্র থেকে ব্যালট বক্সগুলো আসতে শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলার ৮৭৩টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *